হোম » সারাদেশ » ধুনটে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর ও স্বর্ণের দুল ছিনতাইয়ের অভিযোগ

ধুনটে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর ও স্বর্ণের দুল ছিনতাইয়ের অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা এলাকায় ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহার আলী মন্ডল অভিযোগ করেন, গত ১২ মে ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে তার স্ত্রী মোছাঃ আঞ্জুয়ারা খাতুন বাড়ির উঠান পরিষ্কার করছিলেন। এসময় তাদের একটি ছোট ছাগলের বাচ্চা প্রতিবেশী মোঃ ওবাইদুর রহমান-এর সীমানায় রাখা ঘাস খেয়ে ফেললে পূর্ব শত্রুতার জেরে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

‎ভুক্তভোগীর স্ত্রী গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত তার হাতে থাকা কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে তার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। একপর্যায়ে মারধরের সময় ভুক্তভোগীর বাম কানে থাকা প্রায় ২ আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে বলা হয়।

‎ভুক্তভোগীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

‎এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে ধুনট থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!