
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখীপুর খান মার্কেটে দলীয় বর্ধিত সভায় অংশ নিয়ে বক্তব্য দেয়ার সময় তিনি চেয়ার থেকে ঢলে পড়েন।
পরে নেতাকর্মীরা দ্রুত তাকে সখীপুরের নিজ বাসভবনে নিয়ে যান। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান বলেন—“চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়া হবে। তবে আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন।”
সভায় দেয়া বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন
“আমরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে চাই না, কিন্তু জয় বাংলা ও বঙ্গবন্ধুকে চাই।”“মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেয়া হয়, তেমনি জিয়াউর রহমানকে গালি দিলেও সেটা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার শামিল। তিনি একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।”
“বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ—এ তিনটিকে যারা মেনে রাজনীতি করবেন, আমরা তাদের সঙ্গেই আছি।”
সভায় আরও বক্তব্য রাখেন
গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম সাফি প্রমুখ।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা