
আবদুল মুনাফ পিন্টু : প্রবাসীদের মানবিক সংগঠন “দাগনভূঞা প্রবাসী ফোরাম” এর উদ্যোগে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের সিরাজ ডাক্তার বাড়ির হৃদরোগে আক্রান্ত দুই বছরের শিশু ওমর হাবীবের চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা নগদ অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে মোমারিজপুর গ্রামের স্থানীয় এক মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রবাসী ফোরামের স্থানীয় কমিটির সভাপতি আবু তৈয়ব পেয়ার, সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ মিয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবক ডাক্তার সিরাজ, ফোরামের স্থানীয় প্রতিনিধি শিমুল পাটোয়ারী, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ সুমন পাটোয়ারী ও হৃদরোগে আক্রান্ত দুই বছরের শিশু ওমর হাবীবের পিতা কাজী দেলোয়ার হোসেন ইকবাল প্রমুখ। এছাড়াও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে দাগনভূঞা উপজেলার গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দাগনভূঞা প্রবাসী ফোরাম। ফোরামের সংশ্লিষ্ট সকল প্রবাসীরা প্রশংসার দাবিদার।
শিশু ওমর হাবীবের পিতা কাজী দেলোয়ার হোসেন ইকবাল এ সহায়তা পেয়ে দাগনভূঞা প্রবাসী ফোরামের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ নিয়ে দাগনভূঞা প্রবাসী ফোরাম এর ১০৭টি আবেদনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ