
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় ট্রাক চাপায় শিক্ষার্থীসহ ধুনটের ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংকের অদূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলো- বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতি গ্রামের জহির রায়হানের মেয়ে কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় ২জন নারীসহ মোটরসাইকেল চালক রাস্তা পার হচ্ছিল। এসময় মোটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম ট্রাকের সাথে ঝুলে পড়ে। ট্রাক চালক ঝুলন্ত কলেজ শিক্ষার্থীকে নিয়ে উপজেলার ধানগড়া এলাকায় পৌছালে স্থানীয় লোকজন ট্রাকটি আটকসহ কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে।
মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস জানান, পুলিশ কর্তৃক মৃতদেহ হস্তান্তরের পর রবিবার দুপুরে নিহতদের স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়। চালক পালিয়ে গেছে। এ সংক্রান্ত যাবতীয় আইনী প্রক্রিয়া হাইওয়ে পুলিশের অধিন রয়েছে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান