
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা নিবাসী, মোল্লাহাট লুৎফর রহমান বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রধান হিসাবরক্ষক মোঃ জাকির হোসেন শেখ আর নেই। শুক্রবার(২৩ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার জুমার নামাজের পর রাজপাট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সবার চোখে ছিল শোক আর প্রিয় মানুষটিকে হারানোর বেদনা।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক গুণাবলীর জন্য শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ। আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয়, সে বিষয়ে তিনি সবসময় আন্তরিক ছিলেন। অনেক সময় নিজের পকেটের টাকা দিয়েই অসচ্ছল শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের ব্যবস্থা করে দিতেন।
একজন শিক্ষার্থী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা সংগ্রহ করতে পারছিলাম না। স্যার নিজের পকেট থেকে ২,০০০ টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছিলেন। তাঁর সেই উপকার আমি কোনোদিন ভুলতে পারব না।”
সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য, এমন সহায়তা তিনি শুধু একজন বা দুজনকে নয়, বরং শত শত শিক্ষার্থীকে করেছেন। নীরবে মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর স্বভাব। তাঁর মৃত্যুতে কলেজ পরিবার, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন—এটাই সবার প্রার্থনা।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ