
আওয়াজ অনলাইন: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে, এই ধারা অব্যাহত থাকলে ফলাফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সকালে ভোট দিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
সোমবার সকাল ৮টার পর রূপাতলী হাউজিং আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। হাতপাখা প্রতীক নিয়ে মেয়র পদ লড়ছেন ফয়জুল করীম।
এসময় তিনি ভোটে কোনও ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে প্রশাসনকে নজর দেয়ার আহবান জানান।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনেক ভালো। কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। শুধু কাউনিয়ায় আমাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে কর্তব্যরত পোলিং অফিসারকে জানানোর পর তারা বিষয়টি সমাধান করেন।
ফলাফল মেনে নেওয়া বা না নেওয়ার বিষয়ে সৈয়দ ফয়জুল করিম বলেন, এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে ফলাফল যাই হোক না কেন অবশ্যই আমরা মেনে নেব।
তিনি বলেন, যদি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।
এর আগে, সকাল ৮টায় বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সেখানে ভোট শুরুর আগে থেকেই ভোটকেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি