হোম » অন্যান্য বিভাগ » কক্সবাজার পৌর নির্বাচন সোমবার: কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম

কক্সবাজার পৌর নির্বাচন সোমবার: কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম

মোহাম্মদ খোরশেদ হেলালী: কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সোমবার (১২ জুন) অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার ৪৩ কেন্দ্রের ২৪৫ বুথে ভোটগ্রহণ হবে ইভিএম-এ।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে ১২ নির্বাহি ম্যাজিস্ট্রেটসহ দায়িত্বে থাকছে ৭ প্লাটুন বিজিবি, ১২টি র‍্যাব টিম ও ৭৯০ জন পুলিশ, এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন। জেলা প্রশাসনের পক্ষে ১২ নির্বাহি ম্যাজিস্ট্রেটের সমন্বয়ক হিসেবে দায়িত্বপালন করছেন কক্সবাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।
ভোটগ্রহণ উপলক্ষ্যে রোববার (১১ জুন) দুপুর হতে পৌরসভার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। এর আগে প্রতিটি কেন্দ্র ও বুথে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। স্ব স্ব কেন্দ্রে চলে গেছেন দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার ও প্রিসাইডিং কর্মকর্তাগণ।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, ৪৩টি কেন্দ্রে ২৪৫টি বুথ (কক্ষ) রয়েছে। প্রতিটি কেন্দ্র ও বুথ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।
তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করে আমরা প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছি। বিগত সময়ের মতো এবারও কক্সবাজারে ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা হবে। একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি আমরা।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ১২ ওয়ার্ডে ১২ নির্বাহি ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকছে। তাদের সমন্বয় করবেন এডিএম মো. আবু সুফিয়ান। যেহেতু ইভিএমে ভোটগ্রহণ চলবে তাই প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের বলা আছে নির্বাচন শেষ হলে কেন্দ্রেই যেন ফলাফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৮৫ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৬ জন। আর এবারের নির্বাচনে- ৫ মেয়র প্রার্থীসহ সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর মিলে ৭৮ জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন।
মেয়রে ৫ প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী মাহবুবুর রহমান মাবুর সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদের নারকেল গাছ প্রতীকের মূল প্রতিদ্বন্ধিতা হবে বলে মনে করছেন ভোটাররা। তবে, কে হচ্ছেন নতুন পৌর মেয়র তা জানতে সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!