হোম » অন্যান্য বিভাগ » মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আড়াই লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আড়াই লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আওয়াজ অনলাইন: ঘূর্ণিঝড় মোখায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার জন্য আড়াই লাখ মার্কিন ডলার প্রদান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বুধবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

রাষ্ট্রদূত বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ।’

গত ১৪ মে ঘূর্ণিঝড় ‘মোখা’ মিয়ানমার ও বাংলাদেশে আঘাত হানে। এতে উপকূলীয় এলাকায় বসবাসরত প্রায় অর্ধলাখ বাংলাদেশি এবং শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক বছরগুলোর অন্যতম শক্তিশালী এই ঝড়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার, সঙ্গে ছিল জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাত। এর ফলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি, বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগপূর্ব প্রস্তুতি ও মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে যুক্তরাষ্ট্র।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০০টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থায় বিনিয়োগ করেছে, যা কয়েক লাখ মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে সুরক্ষা দেয়।

মার্কিন দূতাবাস জানায়, রোহিঙ্গা শরণার্থী ত্রাণ কার্যক্রমে সবচেয়ে বেশি অবদান রাখছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!