হোম » অন্যান্য বিভাগ » বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১৯ পয়সা হারে বাড়ানোর সিদ্ধান্ত

বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১৯ পয়সা হারে বাড়ানোর সিদ্ধান্ত

আওয়াজ অনলাইন: লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে বিদ্যুতের দাম। সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৯ পয়সা হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশনানি হয়েছে। সেখানে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে কথা হয়েছে বলে জানা যায়।

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বর্তমান কমিশনের মেয়াদ রয়েছে ৩০ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যেই বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

গত ডিসেম্বরে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৫ টাকা ১৭ পয়সা থেকে ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করে বিইআরসি। তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, পাইকারিতে বাড়লেও খুচরায় দাম বাড়বে না; ফলে জনজীবনে প্রভাব পড়বে না।

তবে ওই ঘোষণার এক মাসের মধ্যে বিতরণ কোম্পানিগুলো খুচরায় দাম বাড়াতে একে একে আবেদন করতে শুরু করে।

এসব কোম্পানির প্রস্তাব বিশ্লেষণ করে বিইআরসির কারিগরি কমিটিও দাম বাড়ানোর সুপারিশই করে।

গত রোববার শুনানিতে কারিগরি কমিটি জানায়, বিতরণ ব্যয়ের বাড়তি খরচ পোষাতে কোম্পানিগুলোর খুচরা বিদ্যুতের দাম বাড়ানো যেতে পারে।

বিদ্যুতের দাম বাড়ানোর খবর শুনে ভোক্তারা বেশ উদ্বিগ্ন। মানুষের ক্রয়ক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে। দৈনন্দিন জীবনে তাদের জীবনমান কমে গেছে আগের তুলনায় বহুগুণে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তুঙ্গে।

এখন বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে জীবনমান আরো হুমকিতে যাবে বলে দাবি করেছে ভোক্তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!