
তারিকুল ইসলাম কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট জেলার ক্ষেতলালের বড়তারা ইউনিয়নের রোয়াইর- তাউসারা সড়কের মাত্র ২৫০ মিটার কাঁচা রাস্তা যেন এলাকাবাসীর জন্য এক ভয়াবহ যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। সড়কটির পুরো অংশ পাকা হলেও মাঝখানের ওই সামান্য কাঁচা জায়গাটিই প্রতিদিন শত শত মানুষের চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে এ অংশটি কাদায় একেবারে কর্দমাক্ত হয়ে পড়ে, তখন হেঁটে চলাও হয়ে যায় দুঃসাধ্য। ফলে বিকল্প পথ ধরে প্রায় সাত কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন কালাই-ক্ষেতলাল উপজেলা শহর এবং জয়পুরহাট জেলা শহরে যাতায়াত করেন আশপাশের অন্তত দশটি গ্রামের মানুষ। সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু বর্ষাকালে এই শিক্ষার্থীদের স্কুলে যাওয়া হয়ে উঠে দুঃসাধ্য। আবার এলাকার অনেকেই হাসপাতালে যাওয়ার সময় এই রাস্তা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। বিশেষ করে জরুরি রোগী পরিবহনের সময় এই দুর্বল রাস্তা বড় বাধা হয়ে দাঁড়ায়।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, বছরের প্রায় সময়ই কাঁচা অংশটিতে খানাখন্দ থাকায় চলাচলে অসুবিধা হয়।তবে বর্ষাকালে সমস্যাটি ভয়াবহ রূপ নেয়।এই সময়ে কাঁচা রাস্তার উপর দিয়ে কোনো রকম যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলা যায় না। ফলে বিকল্প পথ ব্যবহার করেই যেতে হয় যাতে সময়, শ্রম ও অর্থ সবকিছুরই অপচয় হয়।
রোয়াইর গ্রামের ভ্যানচালক রেজওয়ান হোসেন বলেন,সকালবেলা ভ্যান নিয়ে বের হই,কিন্তু এতটা ঘুরে যেতে হয় যে দুপুর হওয়ার আগেই ক্লান্ত হয়ে পড়ি। যাত্রীদের কাছেও বেশি ভাড়া নিতে হয়, তাতেই আবার কথা কাটাকাটি হয়। মাঝখানের ২৫০ মিটার রাস্তা যদি পাকা হতো,তাহলে এমন ভোগান্তি হতো না।
নওপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র বলেন,বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই শুনে যাচ্ছি। কারও কাছেই কোনো সঠিক উত্তর নেই কেন এই সামান্য অংশটি পাকা হচ্ছে না। এবারের বর্ষায় যে কষ্ট পোহাতে হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আগামী বর্ষার আগেই এই রাস্তার কাজ শেষ হোক এটাই আমাদের দাবী। তাউসারা গ্রামের কলেজছাত্রী সাবিনা খাতুন বলেন, রাস্তায় কাদায় পা আটকে যায়। পায়ের জুতো খুলে হাতে নিতে হয়। কখনো স্লিপ খেয়ে পড়ে যাই। অনেক সময় ভিজে জামাকাপড়ে ক্লাস করতে হয়।
এ বিষয়ে রোয়াইর গ্রামের ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন,আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি বলেছেন, কাজের জন্য টেন্ডার হয়েছে। কার্যাদেশ পেলে ঠিকাদার কাজ শুরু করবেন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার