
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকুকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আজ রোববার ভোট গ্রহণ শেষে রাতে টাউন হলে মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন। নির্বাচনে ১১৫টি ভোটকেন্দ্রের ফলাফলে গোলাম ফারুক পিংকু পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট। তাঁর নিকটতম জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৫৬ ভোট।
এর আগে দুপুরে প্রেসক্লাবে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন, জাকের পার্টির প্রার্থী মো. সামছুল করিম খোকন জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া কোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গ্রহণ শেষ হয়। উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম প্রতীক) নিয়ে লড়ছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য