হোম » জাতীয় » বিএনপি বিপ্লবী দল নয়, উদারপন্থী গণতান্ত্রিক দল”-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি বিপ্লবী দল নয়, উদারপন্থী গণতান্ত্রিক দল”-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (৫ জুন) বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সাবেক এমপি সহোদর মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপির কাছে বিপ্লব চাইলে ভুল হবে। বিএনপি একটি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী।

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামছুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডঃ মাহবুব উল্লাহ, আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ডঃ আবু আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডঃ এম মাশরুর রিয়াজ।

মাহবুবুল হকের কন্যা অধ্যাপক জাফরুন নাহার স্বাগত বক্তব্য রাখেন। মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন সৈয়দ মোঃ আন্দালিব।

প্রধান অথিতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শ্রদ্ধাভরে দুই সাবেক এমপি সহোদরকে স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও জাতির জন্য তাঁদের যে একনিষ্ঠ ত্যাগ ও অবদান তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, রাজনীতিতে অনেকেই আসেন কিন্তু প্রভাব রাখতে পারেন না। কিন্তু তাঁরা দুজনই সেটা পেরেছিলেন। তাঁরা ক্ষণজন্মা পুরুষ ছিলেন যারা সবসময় মানব কল্যাণের কথাই ভেবেছেন। তিনি বাংলা একাডেমিকে আহ্বান জানান এই মহান নেতাদের জীবনী লিপিবদ্ধ করার জন্য।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডঃ মাহবুব উল্লাহ বলেন, মাহবুবুল হক বাংলাদেশের স্বাধীকারের পক্ষে লড়েছেন।পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য তার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। পার্লামেন্টে একাধারে তিনি পাঁচ ঘণ্টা বক্তৃতা করেছেন স্বাধীকারের পক্ষে। সেই সাথে তিনি মাহবুবুল আলম তারার ব্যপক উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।

এস কে সাদী গভীর শ্রদ্ধায় দুই সহোদর নেতাকে স্মরণ করে বলেন, মাহবুবুল আলম তারা ফেনীতে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ করেছেন। ডঃ এম মাশরুর রিয়াজ বলেন, মাহবুবুল হকই প্রথম তাঁর পূর্বদেশ পত্রিকার মাধ্যমে ঘোষণা দেন যে পূর্ব পাকিস্তানের নাম হবে “বাংলাদেশ”।

মোহাম্মদ নুরুল আমিন বলেন, মাহবুবুল আলম তারা একজন সফল ব্যবসায়ী ছিলেন। মানুষকে খুব সহজেই আপন করে নেওয়ার মতো এক অদ্ভুত ক্ষমতা তাঁর ছিলো। প্রফেসর ডঃ আবু আহমেদ ফেনীতে দুই ভাইয়ের নামে দুটি রাস্তা নামকরণের প্রস্তাব করে বলেন, তাঁরা ছিলেন মানুষের যথার্থ নেতা এবং মৃত্তিকার কাছাকাছি মানুষ।

সমাপনী বক্তব্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামছুজ্জামান দুদু সহোদর দুই ভাইকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!