হোম » সারাদেশ » কৃষি ও শিক্ষার পাশাপাশি অনন্য অর্জন: পিরোজপুরের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত শরীফ বিল্লাহ

কৃষি ও শিক্ষার পাশাপাশি অনন্য অর্জন: পিরোজপুরের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত শরীফ বিল্লাহ

পিরোজপুর প্রতিনিধি:
শিক্ষকতা ও ইমামতির পাশাপাশি আধুনিক কৃষিতে সফলতার দৃষ্টান্ত স্থাপন করা মুহাম্মদ শরীফ বিল্লাহ এবার ধর্মীয় অঙ্গনেও অর্জন করলেন বড় স্বীকৃতি। তিনি জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের বাসিন্দা।
কৃষি ও সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বায়তুল হামদ জামে মসজিদে ইমামতি করে আসছেন। আধুনিক পদ্ধতিতে সবজি চাষ, মাছ চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এবং অন্য কৃষকদেরও উৎসাহিত করেছেন।


সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত “জেলা সম্মেলন-২০২৬”-এ তিনি বিশেষ অর্জন লাভ করেন। গত ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার পিরোজপুর জেলা মডেল মসজিদ সংলগ্ন অফিসে অনুষ্ঠিত সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে “জেলার শ্রেষ্ঠ ইমাম বাছাই প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে শরীফ বিল্লাহ “জেলার শ্রেষ্ঠ ইমাম” হওয়ার গৌরব অর্জন করেন। এই স্বীকৃতি তাকে স্থানীয় ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে আরও সুপরিচিত করে তুলেছে।


এর আগে তিনি ইসলামিক ফাউন্ডেশনের ৪৫ দিনের ইমাম প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে ১০৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে এ-প্লাস গ্রেডসহ চতুর্থ স্থান অর্জন করেন। পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে একটি সহজ কুরআন শিক্ষা কেন্দ্রও পরিচালনা করছেন।
কৃষি বিষয়ে তার সফল উদ্যোগ নিয়ে স্থানীয়রা ইতিবাচক মন্তব্য করেছেন। স্থানীয় কৃষকরা জানান, তার আধুনিক কৃষি পদ্ধতি ও পরামর্শ এলাকায় নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শরীফ বিল্লাহ নিয়মিত কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ ও প্রণোদনাও পেয়েছেন। তিনি এগিয়ে গেলে ভবিষ্যতে আরও সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় পর্যায়ে একজন শিক্ষক, ইমাম এবং কৃষি উদ্যোক্তা হিসেবে শরীফ বিল্লাহ এখন বহুমাত্রিক সফলতার প্রতীক হিসেবে পরিচিতি পাচ্ছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!