হোম » জাতীয় » বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে এ সিটি করপোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। পরে তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

‎বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎বর্তমানে দেশে অন্যান্য সিটি করপোরেশনগুলো হলো- ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

‎ঐতিহাসিকভাবে বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে, ১৮৭৬ সালের ১ জুলাই। উত্তরাঞ্চলের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে এটি অন্যতম। শুরুতে ২১টি ওয়ার্ড নিয়ে পরিচালিত এ পৌরসভার জনসংখ্যা ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী প্রায় ৪ লাখ।

‎২০০৬ সালে তৎকালীন সরকারের সময়ে পৌরসভার সঙ্গে আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত হয়। একই সময়ে ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। তখনই এ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হলেও তা দীর্ঘদিন বাস্তবায়িত হয়নি।

‎অবশেষে দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বগুড়া এখন পূর্ণাঙ্গ সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল, যা এ অঞ্চলের নাগরিক সেবা ও নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!