হোম » জাতীয় » তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা

রংপুর অফিস

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় রংপুর চেম্বার ভবনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে  সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিন দফা কর্মসূচি ঘোষণা করেন।

আসাদুল হাবিব দুলু তার লিখিত বক্তব্যে বলেন, তিস্তা অববাহিকার প্রায় দুই কোটি মানুষের প্রাণের দাবি হলো তিস্তা মহাপরিকল্পনা। এ প্রকল্প বাস্তবায়ন হলে শুধু পানি ব্যবস্থাপনাই নয়, কৃষি, অর্থনীতি ও মানুষের জীবিকা নিরাপদ হবে।

তিনি আরও জানান, গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তার দুই তীরে ১১৫ কিলোমিটার জুড়ে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে লাখো মানুষ অংশগ্রহণ করে আন্দোলনের প্রতি সমর্থন জানায়। সমাপনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্দোলনের প্রতি সংহতি জানান।

অধ্যক্ষ দুলু বলেন, সরকারের আন্তরিক উদ্যোগে ইতিমধ্যে জাগানিয়া রেলসেতু চত্বরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রতিশ্রুতি দিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারিতেই প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হবে। ১০ বছর মেয়াদি এই প্রকল্পের প্রথম পর্যায়ের ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ২০০ কোটি টাকা চীনের ঋণ থেকে এবং বাকিটা সরকারি কোষাগার থেকে আসবে।

এসময় তিনি প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিনি তিন দফা কর্মসূচি ঘোষণা করেন, আগামী ৫ অক্টোবর রংপুর বিভাগের ৫ টি জেলায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান। ৯ অক্টোবর  উপজেলা পর্যায়ে গণমিছিল ও গণসমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১০টি উপজেলায় একযোগে মশাল প্রজ্জ্বলন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালেই ইসলাম মহাপরিকল্পনার কাজ শুরু হোক। পরবর্তী সরকার এ প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখুক। এ জন্য জরুরি প্রয়োজন আগামী একনেক সভায় অর্থ বরাদ্দ নিশ্চিত করা।”

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক  ও তিস্তা নদীরক্ষা আন্দোলনের সম্বনয়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!