হোম » সাহিত্য » উইশলিস্টে রাখতে পারেন তুহিন সুলতানা মুক্তি’র ” ভালোবাসতে পারো আমায় “

উইশলিস্টে রাখতে পারেন তুহিন সুলতানা মুক্তি’র ” ভালোবাসতে পারো আমায় “

জীবন!
সে-তো অনিশ্চিত।
মৃত্যু!
সে-তো অনিবার্য।

পড়ছিলাম কবি তুহিন সুলতানা মুক্তির প্রথম কাব্যগ্রন্থ “ভালোবাসতে পারো আমায়” থেকে। পড়তে পড়তে ভাবলাম, আসলেই তো, জীবনটাই তো আমাদের অনিশ্চিত। অথচ একমাত্র মৃত্যুই আমাদের জন্য অনিবার্য ঘটনা। কৌতূহলী হয়ে আরো কয়েকটা কবিতাতে চোখ মেললাম। বলতে দ্বিধা নেই, সহজ ভাষার বেশ ভাল কিছু কবিতা মনে দাগ কেটে থাকবে অনেকদিন। এই ধরা যাক ‘মনের মিল’ কবিতার শুরুর চারটি লাইনঃ
তোমাকে বুঝার ক্ষমতা আমার নেই
আমাকে বুঝার ক্ষমতা তোমার নেই
হৃদয় হৃদয়কে না বুঝার
কি অদ্ভুত মিল!
আবার ধরা যাক, ‘আলিঙ্গন’ কবিতার দুটি লাইনঃ
আলিঙ্গন ইস্পাতের মতো কঠিন মনকে
ফুলের মতো কোমল করে তোলে।
এসব কবিতা পড়তে পড়তে খেয়াল করলাম মোটামুটি চার ধরনের কবিতা রয়েছে এই বইটিতে। (১) প্রেম ও আকাঙ্ক্ষা, (২) অনুপস্থিতি ও বেদনা, (৩) বন্ধুত্ব ও মানবিক সম্পর্ক, এবং (৪) জীবনদর্শন। মানবজীবনের এই সম্পর্ক বা ঘটনাগুলো কবি তার আশেপাশের অভিজ্ঞতার আলোকে কবিতার অক্ষরে প্রকাশ করেছেন যা এক গভীর জীবনবোধকে ইঙ্গিত করেছে। আমার ধারনা, পাঠক/পাঠিকারা তাঁদের জীবনের অসংখ্য ঘটনাকেই এই বইটির পাতায় পাতায় খুঁজে পাবেন। মনে হবে, এ তো আমারই মনের কথা।
প্রসঙ্গত, উল্লেখযোগ্য দুটি কবিতা রয়েছে মা-কে নিয়ে। বলাই বাহুল্য, কবির নিজের মাকে উদ্দেশ্য করে যেন কথাগুলো বলা হচ্ছে। মায়েরা সন্তানদের বড় করে যখন বিদায় নেন, এরপরও যে তাঁরা তাঁদের সন্তানদেরকে এক পরম মমতার আবেশে ছেয়ে রাখেন, তা এই দুটি কবিতা পড়লেই টের পাওয়া যায়।
আমার ব্যক্তিগত মতামত হলো কবিতাগুলো একবারেই পড়ে শেষ না করে ফেলে কয়েকদিন সময় নিয়ে ধীরে ধীরে সেগুলোকে পাঠ করা কারণ অসংখ্য কবিতার অনুভূতিই বেশ কয়েকদিন মনে থেকে যাবে।
ছিয়ানব্বই পৃষ্ঠার এই বইটির প্রায় কবিতাগুলো মুক্তছন্দে লেখা। ছন্দ বা অলংকারের জটিল কাঠামোর চেয়ে আবেগের সরাসরি প্রকাশ বেশি গুরুত্ব পেয়েছে। ভাষা খুব সহজ এবং কথ্যধর্মী। ফলে সাধারণ পাঠকের জন্য বইটি সহজবোধ্য।
যারা কবিতা ভালবাসেন, অমর একুশে বইমেলা ২০২৬ এ কবি তুহিন সুলতানা মুক্তির ‘ভালোবাসতে পারো আমায়’ বইটি আপনার উইশলিস্টে থাকতে পারে। বইটি পাবেন বইমেলার “শব্দশিল্প” প্রকাশনীতে, স্টল নম্বর ৭২১, ৭২২, ৭২৩, ৭২৪।

রিভিউঃ ইয়াসির ইউনুছ, পিএইচডি গবেষক, ইংল্যান্ড

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!