হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় রোপা আমন চাষে জমি তৈরী নিয়ে ব্যস্ত চাষীরা

বদলগাছীতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় রোপা আমন চাষে জমি তৈরী নিয়ে ব্যস্ত চাষীরা

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ দীর্ঘদিন অনাবৃষ্টি, খরার পর রিমঝিম বৃষ্টি, মাঠে এখন কৃষকের দৃষ্টি। শ্রাবনের শেষে নওগাঁর বদলগাছীতে গত দু-দিন থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে।

খাল বিল ডোবা নালা উপছে গেছে। উঁচু নিচু সব জমিতে বৃষ্টির পানি জমে গেছে। রোপা আমন চাষে জমি তৈরী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে চাষীরা।

এলাকা ঘুরে দেখা যায়, পানি নিস্কাশনের পথ না থাকায় অনেক স্কুল মাঠে পানি জমে গেছে। শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়। এলাকার লোকজন জানায় উপজেলার ডোবা নালায় সেচ দিয়ে পাট জাগ দেওয়া হয়েছে। আকাশের বৃষ্টিপাতে সেই জাগ ভেসে উঠেছে।

এতে পাটের আঁশ ভালো হবে বলে আশাবাদী এলাকাবাসী। দীর্ঘ দিন অনাবৃষ্টি আর খরার কারনে রোপা আমন চাষাবাদ ব্যাহত হয়ে পড়েছিল। উপজেলার কিছু কিছু এলাকায় গভীর নলক‚প বা অগভীর নলক‚প চালু করে সেচ দিয়ে রোপা আমন চাষাবাদ শুরু করেছে কৃষকেরা। গত দুদিনের বৃষ্টিতে মাঠে মাঠে রোপা আমন চাষে ব্যস্ত হয়ে পড়েছে চাষীরা। তথ্য সংগ্রহকালে হলুদ বিহার গ্রামের আব্দুস সামাদ জানায় হাল না পাওয়ায় ৫কাঠা জমি কোদাল দিয়ে কুপিয়ে আমন ধান রোপনের জন্য জমি তৈরী করে নিচ্ছে।

পানি বসে গেলে আবার সেচ দিতে হবে। তাই বাপ ছেলে মিলে কোদাল দিয়ে শুরু করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সাহাব ফারহান জানান, চলতি মৌসুমে এই উপজেলায় ১৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে গতকাল পর্যন্ত প্রায় ৩ হাজার হেক্টর জমি রোপন করা হয়েছে। আকাশের বৃষ্টিপাত হওয়ায় কৃষকেরা দ্রুত চাষাবাদ শেষ করবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!