হোম » প্রধান সংবাদ » নাটোরের বড়াইগ্রামে টাকার জন্য চাচাত ভাইকে অপহরণ

নাটোরের বড়াইগ্রামে টাকার জন্য চাচাত ভাইকে অপহরণ

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে টাকার জন্য আপন চাচাত ভাইকে অপহরণ করে ৪০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। এ ঘটনায় পুলিশ অপহৃত ৮ বছরের শিশু আলহাজকে ঢাকা থেকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত চাচাত ভাই কামরুল হাসানকে গ্রেফতার ও অপহরণ কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করেছে।

মঙ্গলবার বেলা ১১ টায় নাটোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান। তিনি জানান, দ্রুত ধনী হওয়ার জন্য বন্ধু রুবেলের পরামর্শে সে আলহাজকে অপহরণ করে। গ্রেফতারকৃত কামরুল হাসান ২৫ বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে । অপরদিকে অপহৃত শিশু আলহাজ একই গ্রামের কামরুলের চাচা ফাদিল প্রমানিকের ছেলে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২১ আগস্ট বাড়ির সামনে থেকে বাগডোব গ্রামের ফাদিল প্রামানিকের ছেলে আলহাজ বেলা সাড়ে ১১ টার দিকে নিখোঁজ হয়। ২২ আগস্ট সকাল ৭টায় অজ্ঞাত নাম্বার থেকে আলহাজের মুক্তিপণ বাবদ ৪০ লাখ টাকা দাবী করে। এ বিষয়ে ফাদিল প্রামাণিক ওই দিনই বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করে।

পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ৫টি টিম আলহাজকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। অবশেষে ২২ আগস্ট বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার হতে কামরুলকে আটক করে । জিজ্ঞাসাবাদে কামরুল জানায় নাটোর জেলে থাকা অবস্থায় বগুড়ার দুপচাচিয়ার রুবেল হোসেনের সাথে বন্ধুত্ব গড়ে উঠে। ফাদিল প্রমাণিকের অনেক টাকা পয়সা থাকায় রুবেলের পরামর্শে কামরুল আলহাজকে চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে ২১ আগস্ট বেলা ১১ টার সময় ভাড়া করা প্রাইভেট কারে (নং-ঢাকা মেট্রা গ-১১-২৬৭৬ )নিয়ে হাটিকুমুরল মোড়ে নিয়ে যায়।

এরপর আলহাজকে রুবেলের হাতে তুলে দেয়। পরে পুলিশ এই তথ্যের ওপর ভিত্তি করে ২২ আগস্ট রাত ১০ টায়
ঢাকায় রুবেলের শাশুরীর ভাড়া বাসা থেকে আলহাজকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে । এসময় রুবেল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রাজারবাগ পুলিশ লাইনে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাটোরে নিয়ে বাবা মায়ের কাছে ফেরৎ দেওয়া হয় আলহাজকে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রুবেলের পরামর্শে দ্রুত ধনী হওয়ার জন্য চাচাত ভাই আলহাজকে অপহরণ করেছিল কামরুল। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, বাড়াইগ্রাম সার্কেলের এএসপি সার্কেল খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!