হোম » প্রধান সংবাদ » না’গঞ্জে মোটর সাইকেলে অভিনব পদ্ধতিতে মাদক পাচারকালে গ্রেফতার ২

না’গঞ্জে মোটর সাইকেলে অভিনব পদ্ধতিতে মাদক পাচারকালে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে মোটর সাইকেলের কুঠুরির ভিতর অভিনব পদ্ধতিতে মাদক পাচারের সময় শাওন মিল্কী (২০) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ নারায়ণগঞ্জ এর সামনে মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

বার্তায় মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে সুকৌশলে মোটর বাইকের গোপন কুঠুরিতে করে ফেন্সিডিল পরিবহণ করার সময় ৮০ বোতলসহ শাওনকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করে র‌্যাব।

এর আগে সোমবার সন্ধ্যায় শহরের কালীর বাজার এলাকার চাঁন মার্কেট এর মোহাম্মদিয়া ষ্টোর এর ভিতর অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬ হাজার ৬০ পিস নকল সিগারেটসহ সাকিবুল ইসলাম (২০)’কে গ্রেফতার করে র‌্যাব-১১। সেখানে অবৈধভাবে সরকারি ব্যান্ডরোল জাল করে সিগারেটের প্যাকেট ব্যাবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদেশ্যে অবস্থান করছিল বলে র‌্যাব জানায়। তাদের উভয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!