
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবন করে রুবেল মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সংসারে অভাব-অনটনের কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। শুক্রবার বেলা ১২ টার দিকে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্বজনরা বুঝতে পেরে তাকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। রুবেল সদর উপজেলার নারুলী ভান্ডারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আজিজার রহমান।
এ তথ্যগুলো নিশ্চিত করেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তয়ন কুমার মন্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল পেশায় একজন দিনমজুর ছিলেন। স্ত্রী এবং দুই শিশুকন্যাকে নিয়ে তার পরিবার। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি কর্মহীন হয়ে পড়েন। এতে তার পরিবারের অভাব দেখা দেয়। শুরু হয় পারিবারিক অশান্তি। এরই একপর্যায়ে শুক্রবার গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন রুবেল। সদর থানার এসআই তয়ন কুমার বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা