হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৫

হাতীবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৫

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে হানিফ আহমেদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে৷ এ সময় এক নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে নাছিমা বেগম নামে এক গৃহবধূ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আর অপর চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷
গত শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার সানিয়াজান ইউনিয়ের নিজ শেখ সুন্দর এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে হানিফের মৃত্যু হয়। মৃত হানিফ আহমেদ উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার জমসের আলীর ছেলে। তিনি একজন কৃষক।
আর আহতরা হলেন, উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার নুর ইসলামের ছেলে লুৎফর রহমান(৩৫), আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল করিম(২৯), মৃত আকবর হোসেনের ছেলে আব্দুল্লাহ(৪০), টংভাঙ্গা পশ্চিম বেজ গ্রামের শহিদুল ইসলামের ছেলে এজাজুল ও পাটিকাবাড়ি এলাকার গোলাম রাব্বানীর স্ত্রী নাছিমা বেগম(২৬)।
জানাগেছে, শনিবার সকালে বাড়ির পাশে অবস্থিত জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন কৃষক হানিফ আহমেদ। এতে বজ্রপাতে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক হানিফ আহমেদকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম বলেন, হানিফ আহমেদকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। এছাড়া বজ্রপাতে আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।  এ বিষয়ে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দাফনের প্রস্তুতি চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!