হোম » প্রধান সংবাদ » স্বাস্থ্যবিধি মেনে শিল্প কলকারখানা খোলা থাকবে

স্বাস্থ্যবিধি মেনে শিল্প কলকারখানা খোলা থাকবে

আওয়াজ অনলাইনঃ আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন আসছে। জরুরি সেবা ছাড়া বাকি সবই বন্ধ থাকবে এ সময়। তবে লকডাউনেও বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন গার্মেন্টস মালিকদের সংগঠন-বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস কারখানা খোলা রাখার অনুমতি আমরা পেয়েছি।’ তিনি উল্লেখ করেন, তাকে ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছেন, কঠোর লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে শিল্প কলকারখানা খোলা থাকবে।

হাতেম বলেন, ‘তবে যাদের পক্ষে কারখানার ভেতরে বা কারখানার আশপাশে থাকা সম্ভব না, তাদের জন্য বিশেষ পাশের ব্যবস্থা করা হবে। সরকার বা প্রশাসন যেন সে ব্যাপারে সহযোগিতা করেন।’

বিকেএমইএ’র সহ-সভাপতি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সরকারের যেকোনও সিদ্ধান্তে আমরা সহমত পোষণ করি এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবো।’

এ প্রসঙ্গে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, ‘গার্মেন্টস কারখানা বন্ধ হলে শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে গ্রামে যেতে চাইবে, এ কারণে গার্মেন্টস খোলা রাখতে হবে। কারখানা চালু রাখার জন্য যেসব কর্মকর্তার প্রয়োজন হবে, এই কয়দিন তারা হয় কারখানার আশপাশে থাকবে, অথবা কারখানার ভেতরে অবস্থান করবে। আর যাদের পক্ষে কারখানার ভেতরে বা আশপাশে থাকা সম্ভব হবে না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে।’

এর আগে শুক্রবার (২৫ জুন) বিজিএমইএ’র সভাপতি বলেন, ‘শাটডাউন বা লকডাউন যেটাই হোক, আমি মনে করি, তৈরি পোশাক কারখানা এই লকডাউনের বাইরে থাকবে। কারণ, তৈরি পোশাক কারখানা যদি বন্ধ করা হয়, তাহলে গার্মেন্টস কর্মীরা গ্রামে যাওয়ার চেষ্টা করবে, বিশৃঙ্খলা তৈরি হবে।’

প্রসঙ্গত, গত বছর করোনা পরিস্থিতিতে কারখানা বন্ধ হওয়ায় গ্রামে ছুটে গিয়েছিলেন হাজার হাজার গার্মেন্টকর্মী। আবার বেতন দেওয়ার খবরে ট্রাকে গাদাগাদি করে ও পায়ে হেঁটে হুড়মুড় করে কর্মস্থলে ফিরে আসেন সবাই। কিন্তু ঢাকায় পৌঁছে তারা জানতে পারেন যে, কারখানা বন্ধ। ফলে ওই সময় হাজার হাজার শ্রমিক অনিশ্চয়তায় পড়েন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!