হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুপস্থিতঃ-দলের বড় পদ নিয়ে থাকেন ঢাকায় নেই নেতাকর্মীদের সাথে যোগাযোগ

উল্লাপাড়ায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুপস্থিতঃ-দলের বড় পদ নিয়ে থাকেন ঢাকায় নেই নেতাকর্মীদের সাথে যোগাযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর নির্ধারিত অনুষ্ঠানে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিত না থাকার অভিযোগ তুলেছেন সংগঠনের অন্য নেতাকর্মীরা। উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের সলপ রেলওয়ে স্টেশন বাজারের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উল্লিখিত পদের ব্যক্তিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে স্থানীয় নেতাকর্মীরা এ অভিযোগ করেন। তবে পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের

সাবেক সাংগঠনিক নেতৃবৃন্দরা আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ছুটু অভিযোগ করে বলেন, পঞ্চক্রোশি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি ডেভিড সরকার, সিনিয়র সহ-সভাপতি সুমন রেজা তালুকদার ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ তিন গুরুত্বপূর্ণ পদের কোন ব্যক্তিই

উপস্থিত ছিলেন না দলীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে। সংগঠনের এই তিন পদের নেতা ব্যবসায়ী কাজে ঢাকায় বসবাস করায় সরকারের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানসহ দলীয় বিভিন্ন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার গুরুতর অভিযোগ তোলেন তারা। নেতা-কর্মীরা আরো জানান, দলের বিভিন্ন কাজে সভাপতি ও সম্পাদককে না পেয়ে তাদের বিরুদ্ধে নেতাকর্মীরা বারবার অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও

আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির বর্তমান নেতারা কোন প্রকার দলীয় ও সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত নয়। তারা কৌশলে পদ নিয়ে ঢাকায় বসবাস করেন। উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা তাদের। এই কমিটির একাধিক নেতা যুদ্ধাপরাধী পরিবারের সদস্য বলেও অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, দলের ৭১ ও ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কোন অনুষ্ঠানেই তাদের পাওয়া যায়নি। তবে পুরাতন কমিটিই দলের কার্যক্রম পরিচালনা করে আসছে। পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম লিটন জানান, করোনার প্রার্দুভাব বেশি থাকায় বন্যাকান্দি বাজারে দলীয় কার্যালয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সভাপতি ডেভিড সরকার ও সহ সভাপতি সুমন রেজা তালুকদার জানান, ব্যবসায়ীক কাজে ঢাকায় ব্যস্ত থাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি তারা।

পঞ্চক্রোশী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগ নেতা এস. এম জাহিদুজ্জামান কাকনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, নির্বাচিত ইউনিয়ন কমিটির সভাপতি ও সহ সভাপতি বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। এদিকে সাধারন সম্পাদকের পিতা অসুস্থ থাকায় তিনি ব্যস্ত ছিলেন বলে তেমন কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারেননি। তবে সলপ রেলষ্টেশন বাজারে আওয়ামী লীগ অফিসে এলাকার নেতা-কর্মীরা একত্রিত হয়ে জাঁকজমকপূর্ণ ভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন বলে এই নেতা জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!