হোম » প্রধান সংবাদ » টিফিনের টাকা জমিয়ে পাঠাগারে ফ্যান কিনে দিলেন দুই শিক্ষার্থী

টিফিনের টাকা জমিয়ে পাঠাগারে ফ্যান কিনে দিলেন দুই শিক্ষার্থী

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জমা করা টিফিনের টাকা দিয়ে লিডার্স ক্লাব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ফ্যান কিনে দিয়েছেন সিদরাতুল মুনতাহা অনামিকা ও জান্নাতুল ফেরদৌসী। পাঠাগারে মোট ৪টি সিলিং ফ্যান কিনে দেয় তারা। গত বুধবার (৩১ মার্চ) বিকেলে হাতীবান্ধা লিডার্স ক্লাব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে গিয়ে ক্লাবের অফিস তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম আলমের হাতে ফ্যানগুলো তুলে দেয় তারা।
সিদরাতুল মুনতাহা অনামিকা হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার আব্দুর রাজ্জাক দোলনের মেয়ে ও জান্নাতুল ফেরদৌসী পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার বাউড়া জমগ্রাম এলাকার আজিজার রহমানের মেয়ে। সিদরাতুল মুনতাহা অনামিকা ও জান্নাতুল ফেরদৌসী হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
সিদরাতুল মুনতাহা অনামিকার সাথে কথা হলে তিনি জানান, বই পড়তে আমার খুব ভালো লাগে। করোনাকালীন আমি বই পড়ে সময় কাটিয়েছি। বই পড়া আমার একপ্রকার নেশায় পরিণত হয়েছে। কলেজ বন্ধ থাকায় কিছু টাকা জমা হয়েছিল। আর সেই টাকা দিয়ে আমি লিডার্স ক্লাব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে কিছু বই ও ফ্যান কিনে দেই।
আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী বলেন, অনামিকা পাঠাগারে বই কিনে দিয়েছে। এই বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আর তাই আমরা দুজন কথা বলে জমানো টাকা একত্রে করে ৪টি ফ্যান কিনে দিই। হাতীবান্ধা লিডার্স ক্লাব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের অফিস তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম আলম বলেন, অনামিকা এর আগেও
পাঠাগারে কিছু বই কিনে দিয়েছে। আর এবার অনামিকা ও জান্নাতুল ফেরদৌসী ৪টি ফ্যান কিনে দিল। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। হাতীবান্ধা লিডার্স ক্লাব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাগর বলেন, তারা দুজন যে কাজটি করল সেটি সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা তাদের সাধুবাদ জানাই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!