
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ বাজার থেকে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ নাসির উদ্দিন কাচুয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভারতীয় ট্রাকটিকে পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বুড়িমারী স্থলবন্দরের কলাবাগান চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কলাবাগান বাজার থেকে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ নাসির উদ্দিন। এসময় বুড়িমারী স্থলবন্দর থেকে আসা ভারতীয় পাথরবোঝাই একটি ট্রাক কলাবাগান সড়কে ঐ বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক রেখে পালিয়ে যান চালক।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারতীয় ট্রাকটি বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের জিম্মায় রয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান