হোম » প্রধান সংবাদ » বিশ্বব্যাপী এক সপ্তাহে ৪৬ লাখ করোনাভাইরাসে আক্রান্ত

বিশ্বব্যাপী এক সপ্তাহে ৪৬ লাখ করোনাভাইরাসে আক্রান্ত

ডেস্ক রিপোর্ট :: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে গত এক সপ্তাহে নতুন করে ৪৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার শুরু থেকে এক সপ্তাহের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার রাতে এ খবর জানিয়েছে। খবর তাসের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্ত অনুযায়ী, গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে মোট ৪৬ লাখ ১২ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছে এবং ৭৯ হাজার ১ জন মারা গেছে। আগের যেকোন ৭ দিনের তুলনায় এ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। এর আগের সপ্তাহ ৭ থেকে ১৩ ডিসেম্বর বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট ৪৩ লাখ ২৯ হাজার ৯২৭ জন আক্রান্ত হয় এবং ৭৫ হাজার ৩৮ জন প্রাণ হারায়।

আক্রান্তদের অধিকাংশ উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাসিন্দা। গত সপ্তাহে এ দুই অঞ্চলের দেশগুলোতে ২৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে একই সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসে যত মানুষ প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশই ইউরোপের বাসিন্দা। সাপ্তাহিক হিসাবে গত এক সপ্তাহে ইউরোপে ৩৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা যায়।

১৪ থেকে ২০ ডিসেম্বর এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ের মধ্যে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে তুরস্কে ১ লাখ ৯৪ হাজার, রাশিয়ায় ১ লাখ ৯৪ হাজার, ভারতে ১ লাখ ৭৪ হাজার এবং জার্মানিতে ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৭০৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ লাখ ১৭ হাজার ৫৫ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ৫১৩ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

### SSS

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!