
ডেস্ক রিপোর্ট :: ভারতশাসিত জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করল ফারুক আবদুল্লাহর নেতৃত্বাধীন গুপকর জোট। ২৮০ আসনের মধ্যে রাত পর্যন্ত ২৫১টির ফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত গুপকর জোট ৯৯ আসন জিতেছে। ৭৭ আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। খবর এনডিটিভির।
জম্মুতে প্রত্যাশামতোই ভালো ফল করেছে তারা। এ উপত্যকায় জিতেছে তিনটি আসন। ৪৫টি আসন পেয়েছেন নির্দলীয়রা। কংগ্রেস জিতেছে ২২টিতে। ফারুক আবদুল্লাহর দল ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৫৬টি আসন।
জম্মু-কাশ্মীর মিলিয়ে ডিডিসির ২৮০ আসনে ২৮ নভেম্বর থেকে আট দফায় ভোট হয়েছে। এ ছাড়া কাশ্মীরে ৯৩৫টি পঞ্চায়েত ও সরপঞ্চের ১১ হাজার ৮১৪টি শূন্যপদে ভোট হয়েছে। জম্মুতেও ভোট হয়েছে ১৩৫টি পঞ্চায়েত ও ৩৩৯টি সরপঞ্চের শূন্যপদে।
বিভিন্ন জেলা সদরে কড়া নিরাপত্তায় মধ্যে চলছে ভোট গণনা। স্বচ্ছতা বজায় রাখতে রেকর্ড করা হচ্ছে গোটা প্রক্রিয়া। শ্রীনগরে একটি ও বান্দিপোরায় দুটি আসনে জিতেছে বিজেপি। এই প্রথম উপত্যকায় আসন পেল তারা।
দীর্ঘদিন বন্দি রাখার পর এখন ফারুকসহ গুপকর জোটের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালানো হচ্ছে। আচমকা ভোট ঘোষণার ফলে প্রস্তুতির তেমন সুযোগও পায়নি বিরোধী দলগুলো। ফারুক, ওমর ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রচারও করেননি। তার পরও এই ফল জোটের কাছে বড় সাফল্য।
দক্ষিণ কাশ্মীরে সবচেয়ে ভালো ফল করেছে গুপকর জোট। এখনও পর্যন্ত ৪৫টি আসনে জিতছে তারা। ১০টি আসনে এগিয়ে নির্দলীয়রা। ৫টিতে এগিয়ে কংগ্রেস।
উত্তর কাশ্মীরে ১৩টি আসনে এগিয়ে জোট প্রার্থীরা। ১১টিতে নির্দলীয়রা। শ্রীনগর জেলায় ১৪টি ডিডিসি আসনের মধ্যে সাতটিতে জিতেছেন নির্দলীয়রা। নরেন্দ্র মোদি সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আপনি পার্টি জিতেছে ৩টিতে।
একটি করে আসন পেয়েছে বিজেপি, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ও জম্মু-কাশ্মীর পিপলস মুভমেন্ট।
### SSS

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী