
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় ৪৫ পিচ ইয়াবা সহ সোহেল রানা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) দিনগত রাত সোয়া ১১ টার দিকে শহরের তাঁতীপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের নারগুন শাখা অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি সোহেল রানা ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব পারপূগী গ্রামের মৃত: আ: গফুর এর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে ঠাকুরগাঁও পৌরসভাধীন তাঁতীপাড়া এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) শামীম এর নেতৃত্বে গঠিত একটি চৌকষ টিম। এ সময় ইয়াবা বিক্রিরত অবস্থায় সোহেল রানা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লাশী করলে তার পরনের জিন্সের প্যান্টের পকেট থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম হক। তিনি আরও জানান, ধৃত মাদক ব্যবসায়ী শুধু ইয়াবাই নয় সে ইয়াবার পাশাপাশি দীর্ঘদিন ধরে ফেন্সিডিলও বিক্রি করে আসছে। ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া