হোম » প্রধান সংবাদ » চিঠি পাঠিয়ে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় নবদম্পতির পরিবার

চিঠি পাঠিয়ে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় নবদম্পতির পরিবার

গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠি পাঠিয়ে নবদম্পতিসহ তাদের পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সান্তাহার পৌর এলাকার ঘোড়াঘাট মহল্লার সদ্য বিবাহিত যুবক নাঈম হোসেন চিঠিটি হাতে পাওয়ার পর তাদের নিরাপত্তার জন্য শুক্রবার বিকেলে বিষয়টি থানা পুলিশকে অবিহিত করেছেন। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ।

নাঈম হোসেন বলেন, পত্রের শুরুতেই তার সহধর্মীনি, বাবা-মা ও বোনসহ পরিবারের সবাইকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। অল্প দিনের মধ্যে গভীর রাতে বাসায় হানা দিয়ে এ হত্যাকা- ঘটানো হবে বলে জানানো হয়। তাছাড়া চিঠি হাতে পাওয়ার পর তাদের বাসায় থাকা ভাড়াটিয়াদের বাসা ছেড়ে দিয়ে অন্যত্র যেতে বলা হয়েছে। অন্যথায় তাদেরও ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়। তবে চিঠিতে এসবের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- নকশাল বাহিনীর সান্তাহার পৌর শাখার এক ছোট ভাইয়ের সঙ্গে রেল লাইনের ওপর তার পরিবারের মারপিটের ঘটনা ঘটে।

তিনি আরো জানান, তার বাবা সিদ্দিকুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সান্তাহার শাখা থেকে চিঠিটি তোলেন। চিঠিতে প্রেরকের নাম থাকলেও মোবাইল নম্বর ভুল দেওয়া ছিল। কিন্তু কুরিয়ার সার্ভিসের শাখাটি কিভাবে এই ভুল তথ্য সম্পন্ন খাম গ্রহণ করলেন বিষয়টি বোধগম্য নয়। এ ঘটনায় পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, তাদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হুমকিদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!