হোম » প্রধান সংবাদ » পাটগ্রামে ইউপি সদস্যের ভাই-ভাবির নামে সরকারি ঘর বরাদ্দে অভিযোগ উঠেছে

পাটগ্রামে ইউপি সদস্যের ভাই-ভাবির নামে সরকারি ঘর বরাদ্দে অভিযোগ উঠেছে

মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সাইদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম করে বড় ভাই ও ভাবির নামে দু’টি সরকারি ঘর বরাদ্দ দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ইউপি সদস্যের বড় ভাইয়ের স্ত্রী ভাবি হালিমা বেগমকে দরিদ্র দেখিয়ে ৪/৫ বছর আগে জমি আছে ঘর নাই প্রকল্পের একটি ঘর বরাদ্দ করিয়ে নেন। ভাবির নামে জমি না থাকলেও কৌশলে ইউপি সদস্যের নিজ নামীয় জমি নয়ারহাট এলাকায় ঘরটি নির্মাণ করে দখলে নেন তিনি। সম্প্রতি হালিমা বেগমের স্বামী বড় ভাই শাহজামালকে দরিদ্র দেখিয়ে আবারও একটি দুর্যোগ সহনীয় সরকারি ঘর বরাদ্দ নেন।
ভাবির নামে নেওয়া ঘরটি তিনি বিভিন্ন ব্যক্তির নিকট ভাড়া প্রদান করেন। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ঘরটিতে ভাড়ায় বসবাসরতদের ব্যবহৃত ছবি সংগ্রহ করার পরদিনই তিনি বিষয়টি বুঝতে পেরে মালামালসহ ভাড়াটিয়াদেরকে অন্যত্র সরিয়ে দেন।দরিদ্র আবুল হোসেন বলেন, ওই ইউপি সদস্যের ওয়ার্ডে অনেক দুঃস্থ পরিবার সরকারি ঘর পাওয়ার উপযোগী থাকা সত্বেও জনপ্রতিনিধি হয়ে কিভাবে আপন ভাই-ভাবির নামে দু’টি সরকারি ঘর বরাদ্দ নেন।
অপর একজন ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাইদুল ইসলাম ইউপি সদস্য নির্বাচিত হওয়ার আগে তার আর্থিক অবস্থা শোচনীয় ছিল। কিন্তু দুই দফায় ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর আখের গুছিয়ে ধনাঢ্য ব্যক্তি বনে গেছেন। বর্তমানে তিনি ট্রাক, ট্রলি, জমিসহ অনেক সম্পদের মালিক।
আপন বড় ভাই- ভাবির নামে দু’টি সরকারি ঘর বরাদ্দ নেওয়ার কথা স্বীকার করে ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, আমার বড় ভাবি একজন স্বামী পরিত্যক্তা এজন্য তার নামে ঘরটি বরাদ্দ নিয়েছি। বড় ভাইয়ের নামে আরও একটি সরকারি ঘর কিভাবে বরাদ্দ নিয়েছেন জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেন নি।
৭ নং দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বলেন, হতদরিদ্রদের মধ্যে বরাদ্দ না দিয়ে ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সাইদুল ইসলাম দু’টি ঘরই নিজ ভাই- ভাবির নামে বরাদ্দ নেওয়ায় অনিয়ম করেছেন। আমি বিষয়টি আগে জানতাম না। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ইউপি সদস্য নিজ ভাই- ভাবির নামে ঘর বরাদ্দ নেওয়া ঠিক করেনি। আমি এ ব্যাপারে খোঁজ নিব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!