হোম » প্রধান সংবাদ » “জুলাই কেবল বিদ্রোহের নয়, জাতির পুনর্জন্মের মাস”— ড. মুহাম্মদ ইউনূস

“জুলাই কেবল বিদ্রোহের নয়, জাতির পুনর্জন্মের মাস”— ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
জুলাই— এই মাস আমাদের ইতিহাসের পৃষ্ঠা জুড়ে শুধু রক্ত, নয়নজল আর বিদ্রোহের নয়; এটি একটি জাতির নতুনভাবে উঠে দাঁড়াবার মাস, নতুন করে নিজেকে গড়ে তোলার সুযোগ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে ‘জুলাই স্মরণ’ শীর্ষক এক আয়োজনে তিনি যে বক্তব্য রেখেছেন, তাতে কেবল অতীত নয়, ভবিষ্যতের দিকনির্দেশনাও ছিল স্পষ্ট।
“জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মেরও মাস”— এমন ঘোষণা দিয়ে তিনি স্পষ্ট করে দেন যে, কেবল একনায়কের পতনই যথেষ্ট নয়; প্রয়োজন রাষ্ট্র কাঠামোর গভীর সংস্কার, প্রয়োজন আত্মশুদ্ধি।
প্রধান উপদেষ্টার ভাষায়, “শুধু উপর থেকে প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন করতে হবে। না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে।”
তার এই বক্তব্য যেন রূপক হয়ে উঠে এসেছে পুরো ব্যবস্থার প্রতি। মুখে গণতন্ত্র, ভেতরে স্বৈরতন্ত্র— এমন দ্বিচারিতা নিয়েই তো গত কয়েক দশক কেটেছে। তাই তিনি আহ্বান জানান,
“রাষ্ট্রকে একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। উপরের রংচটা দেয়াল দিয়ে নয়, ভেতরের পচন দূর করতে হবে।”

জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা গুম-নির্যাতনের শিকার হয়েছেন— তাদের বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন,
“গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কেউ আর জনগণকে ধ্বংস করতে না পারে।”
এই কথার মধ্য দিয়ে তিনি মূলত “আইনের শাসন ও জবাবদিহি” প্রতিষ্ঠার সংকেতই দেন, যা ব্যতিক্রমহীনভাবে বর্তমান ও ভবিষ্যতের জন্যও জরুরি।
প্রধান উপদেষ্টা এক গভীর সতর্কবাণী উচ্চারণ করেন, “গভীরতম পরিবর্তন না হলে স্বৈরাচারের বিরুদ্ধে এখন যে আমরা কথা বলছি, তারা আবার ঘুরেফিরে আসবে।”

এ যেন এক দগদগে বাস্তবতার আঙুলে ইঙ্গিত— মুক্তিযুদ্ধ-পরবর্তী বারবার ফিরে আসা সেই কুচক্রী চক্রের দিকে।
প্রধান উপদেষ্টার বক্তব্যে বারবার উঠে এসেছে আত্মিক শুদ্ধি ও সামাজিক রূপান্তরের বার্তা। জুলাইকে কেবল অতীতের আখ্যান না বানিয়ে, একটি চলমান শিক্ষা ও প্রস্তুতির মাস হিসেবে তিনি চিহ্নিত করেন।

তিনি বলেন, “সবাই যেন জুলাইয়ের শিক্ষা ধারণ করে। তবে এই শিক্ষা ভুলে যাওয়ার শঙ্কাও আছে।”

আসলে ইতিহাস যতই গৌরবময় হোক, তা যদি কাগজে বন্দি হয়ে থাকে, হৃদয়ে না থাকে— তাহলে সেই ইতিহাস কোনোদিন বাঁচাতে পারে না আগামীর ভবিষ্যৎকে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!