
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতি গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আজাহার আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের একটি জিগা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজাহার আলী একই গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আশরাফ আলী জানান, পেশায় কাঠুরিয়া আজাহার আলীর ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। সন্তানদের বিয়ের পর তারা আলাদা সংসারে বসবাস করেন। ছোট ছেলে ঢাকায় চাকরি করার কারণে তিনিই বাবার দেখভাল করতেন। বৃহস্পতিবার জোলাগাঁতি দরগা মাজার শরিফের বাৎসরিক ওরস উপলক্ষে ঢাকায় কর্মরত ছোট ছেলে ও মেয়েরা বাড়িতে আসেন। রাতের খাবার খেয়ে আজাহার আলী সন্তানদের সঙ্গে ওরসে অংশ নেন।
ইউপি সদস্য আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ছোট ছেলে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় আজাহার আলীর মরদেহ দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে রশি কেটে মরদেহ নিচে নামান। তিনি বলেন, “পরিবারের বরাতে জানা গেছে—বৃদ্ধ আজাহার আলী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।”
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়