হোম » আন্তর্জাতিক » সুদান সংঘাত সিরিয়া-লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে: হামদোক

সুদান সংঘাত সিরিয়া-লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে: হামদোক

আওয়াজ অনলাইন: সুদানে চলমান সংঘাত সিরিয়া ও লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদোক। যুদ্ধ চলতে থাকলে তা ‘বিশ্বের জন্য দুঃস্বপ্ন’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

শনিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে বক্তৃতায় হামদোক সুদানের সামরিক নেতা এবং প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনীর প্রধানকে শান্তি আলোচনায় রাজি করার জন্য একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সুদান একটি বিশাল দেশ, খুব বৈচিত্র্যময়…আমি মনে করি এটি বিশ্বের জন্য একটি দুঃস্বপ্ন হবে। এটি একটি সেনাবাহিনী এবং ছোট বিদ্রোহের মধ্যে যুদ্ধ নয়। এটি ভালোভাবে প্রশিক্ষিত এবং সশস্ত্র দুটি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধের মতো।’

সুদানের সেনাবাহিনী বলছে, তারা ভারী কামান ব্যবহার করে রাজধানী খার্তুমে সব দিক থেকে আক্রমণ করছে। প্রায় তিন সপ্তাহের লড়াইয়ে দেশটিতে শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।

প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার পর বৃহস্পতিবার রাতে সুদানে যুদ্ধবিরতি সম্প্রসারণ করা হয়।

তবে যুদ্ধবিরতির মধ্যেই খার্তুমের কিছু অংশে বিমান, ট্যাংক এবং আর্টিলারি হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

২০১৯ এবং ২০২২ সালের মধ্যে দুইবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা হামদোক বলেন, সুদানের সংঘাত সিরিয়া এবং লিবিয়ার গৃহযুদ্ধের চেয়েও খারাপ হতে পারে। এইসব যুদ্ধ লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে পরিচালিত করেছে, লক্ষ লক্ষ উদ্বাস্তু তৈরি করেছে এবং বিস্তৃত অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টি করেছে।

সুদানে গত ১৫ এপ্রিল নিয়মিত সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে তিক্ত ক্ষমতার লড়াই শুরু হয়।

সেনা কমান্ডার জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদতি নামে বেশি পরিচিত, দেশটির বেসামরিক শাসনের প্রস্তাবিত পদক্ষেপের বিষয়ে এবং বিশেষ করে সেনাবাহিনীতে আরএসএফ-এর অন্তর্ভুক্তির সময়সীমা সম্পর্কে একমত নন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!