
আওয়াজ অনলাইন: সুদানে আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতার পর সাময়িক অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল দুই পক্ষ। কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই আবার সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি, বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বুধবার সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে,সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত নিহত বেড়ে ২৭০ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ২৬০০ জনেরও বেশি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের চাপের মুখে সুদানে লড়াইরত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর উভয় পক্ষই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিলেন। বলা হয়েছিল,মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে (জিএমটি ১৬:০০) যুদ্ধবিরতি শুরু হবে এবং ২৪ ঘণ্টা পার হওয়ার পর যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। কিন্তু এর ১২ ঘণ্টার মধ্যেই খার্তুমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ পুনরায় শুরু হয়।
নিউইয়র্কে জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই লড়াই মানবিক বিপর্যয় ছাড়া আর কিছুই নয়।
জাতিসংঘের এক প্রতিবেদনের বরাতে সিএনএন জানায়, এর ফলে সুদানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তিনজন কর্মী মারা যাওয়ার পর তারা সুদানে তাদের কাজ বন্ধ রেখেছে। বন্দুকধারীরা শহরের নারীদের ওপর যৌন নির্যাতন ও ঘরে ঘরে লুটপাট শুরু করেছে। ইউনিফর্মধারী কর্মীরা প্রবাসীদের বাসস্থানে প্রবেশ করে নারী ও পুরুষকে আলাদা করছে এবং তাদের ধরে নিয়ে যাচ্ছে।
তবে জাতিসংঘের এই প্রতিবেদন অস্বীকার করে সিএনএনকে এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা কখনও জাতিসংঘের কোনও কর্মী বা কর্মচারীকে আক্রমণ করেনি বা করবে না। আরএসএফ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
পাকিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ৭