
আওয়াজ অনলাইন: চীন তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে। শনিবার শুরু হয়ে এ মহড়া তিনদিন চলবে বলে পিএলএ’র ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি এক বিবৃতিতে জানান।
শনিবারই তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন।
গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের সময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষেও একই ধরণের মহড়া চালাচ্ছে চীন।
তাইওয়ানের প্রেসিডেন্ট এবার ক্যালিফোর্নিয়ায় গিয়ে মার্কিন হাউসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন।
‘ইউনাইটেড শার্প সোর্ড’ নামের এ মহড়া উত্তর ও দক্ষিণে তাইওয়ান প্রণালী এবং পূর্বে সাগর এবং আকাশপথে চলছে বলে ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্রের বিবৃতিতে জানানো হয়েছে।
পিএলএ জানায়, এটি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি, বহিরাগত শক্তির যোগসাজশ ও উসকানির বিরুদ্ধে গুরুতর সতর্কতা। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ এটি।
পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, দ্বীপের নিরাপত্তার জন্য যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হবে।
তাইওয়ানের মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাই-এর যুক্তরাষ্ট্র সফরকে সামরিক মহড়া চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করছে চীন। এটা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের তিনদিনের চীন সফরের পর পরই সামরিক মহড়া চালুর ঘোষণা দিল চীন।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প