
আওয়াজ অনলাইন: স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্র যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের মধ্য অন্যতম ছিলেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক।
‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার অভিষেকের পর বহু দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছিলেন এ অভিনেতা।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’ এবং ‘আলোর মিছিল’ চলচ্চিত্র দুটিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন।
এরপর ১৯৭৫ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাঠিয়াল নামে দু’টি ব্যবসাসফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে চলে আসেন ফারুক।
সুজন সখীতে কবরী এবং লাঠিয়ালে ববিতার সঙ্গে জুটি বাঁধেন। আলোচিত এই দুই অভিনেত্রীর সঙ্গে আরও অনেক সিনেমাতে ফারুককে দেখা গেছে।
লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি।
এর পরের বছর ১৯৭৬ সালে মুক্তি পায় মাটির মায়া ও নয়নমনি। চলচ্চিত্র দু’টি বিভিন্ন বিভাগে জাতীয় পুরস্কার পায়। নয়নমনি সিনেমায় ববিতার সাথে তার রসায়ন মুগ্ধ করে সিনেপ্রেমীদের।
শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে ১৯৭৭ সালে নির্মিত সারেং বৌ ও আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্রে অভিনয় করেন ফারুক।
১৯৭৯ সালে তার অভিনীত দিন যায় কথা থাকে, কথা দিলাম, মাটির পুতুল, সাহেব, ছোট মা, এতিম, ঘরজামাই চলচ্চিত্রগুলো ব্যবসাসফল হয়।
১৯৮০ সালে সখী তুমি কার চলচ্চিত্রে শাবানার বিপরীতে শহুরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ফারুক। ১৯৮৭ সালে ‘মিয়া ভাই’ চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়াভাই’ হিসেবে খ্যাতি পেয়ে পেয়ে যান।
ফারুক অভিনীত বহু গান বাংলা চলচ্চিত্রের আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল।
কালজয়ী এসব গানের মেধ্যে রয়েছে- ওরে নীল দরিয়া’, তুমি আমার মনের মাঝি, সব সখীরে পার করিতে নেবো আনা আনা, একটাই কথা আছে বাংলাতে, চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর প্রভৃতি।
বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান দুলু ওরফে ফারুক সোমবার সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে নায়ক ফারুকের মরদেহ

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার