
উৎসবের মৌসুমে বাংলাদেশের পক্ষ থেকে ২০১২ সাল থেকে কয়েক বছর পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ যেত। আগের সরকারগুলো একে বলত ‘উপহারের ইলিশ’। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর মনোভাবের কথা জানায় অন্তর্বর্তী সরকার। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করে ভারতে ইলিশ রফতানি করছে। অবশেষে ভারত গেল বাংলাদেশী রুপালী ইলিশ। ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির প্রথম চালানে ভারতে গেল ১৮ মেট্রিক টন (১৮ হাজার কেজি) ইলিশ মাছ।
এগুলো ছয়টি ট্রাকে করে পৌঁছে বেনাপোল বন্দরে। পরে এই মাছের মান পরীক্ষার পর আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দেয়া হয় ভারতে যাওয়ার অনুমতি।প্রতি কেজি মাছের রফতানি মূল্য পড়ছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় পড়েছে প্রায় ১২০০ টাকা।
এর আগে ২৪ সেপ্টেম্বর ৪৯ জন রফতানিকারককে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮ জনকে ৫০ টন করে ও একজনকে ২০ টন মাছ রফতানির অনুমতি দেয়া হয়। এ অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বন্দরে আসার পর মান নিয়ন্ত্রণ ও যাচাই করে ভারতে রফতানির অনুমতি দেয়া হয়। প্রথম চালানে ছয়টি প্রতিষ্ঠানকে ১৮ টন ইলিশ মাছ ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়। যদি আরো কোনো ইলিশ মাছের ট্রাক বন্দরে আসে তাদেরকেও ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, রফতানিকারকরা ১০ মার্কিন ডলার মূল্যে প্রতি কেজি ইলিশ মাছ সরবরাহ করছে। বাংলাদেশী টাকায় যার মূল্য ১২০০ টাকা। এ পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠান ১৮ টন ইলিশ ছাড়াতে তাদের কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে জমা দিয়েছেন। মাছের চালানের কাগজপত্র সঠিক পাওয়ায় আমাদের পক্ষ থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ
অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে