
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে সম্পত্তি লিখে না দেওয়ায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে। পরে পাশের বাড়ির একটি পরিবারের কাছে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামে ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধ মহিলা সমাজপতি ও জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়েও কোন সুফল পাচ্ছেন না। উল্টো উশৃঙ্খল ছেলে সুজন তাকে মেরে ফেলার হুমকি-ধমকি দিচ্ছে।
জানা যায়, উপজেলার মির্জানগর গ্রামে সামসুল আলম একযুগ পূর্বে মারা যান। তার স্ত্রী চারছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। স্ত্রী মিনু বেগম(৬০) অতিকষ্টে এনজিও থেকে ঋণ নিয়ে গরু ও হাঁস মুরগি কিনে লালন-পালন করে কোন রকমে জীবিকা নির্বাহ করে আসছেন। তার টাকা দিয়ে জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করেন। সম্পত্তি লিখে দিতে তার ছেলে ও ছেলের বউরা তার ওপর অত্যাচার শুরু করে। এ নিয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার বড় ছেলে সুজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধোর করে। ঘটনার একপর্যায় ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়।
পরে ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি স্থানীয় চেয়ারম্যানের কাছে পাঠান।
নাটেস্বর ইউপি সদস্য মোরশেদ আলম জানান, মা ছেলের বিরোধ দীর্ঘ দিনের। ছেলে মাকে কয়েকবার মারধর করেছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে মান্য করে না উশৃঙ্খল ছেলে।
নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভুক্তভোগী মহিলা অভিযোগ করলে তিনি আমার কাছে পাঠান। বিষয়টি আমি দেখবো।
অভিযুক্ত ছেলে সুজন মাকে মারধর করার বিষয়টি অস্বীকার করে বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা