হোম » অপরাধ-দুর্নীতি » রোহিঙ্গা শিবিরে আরসা, আরএসও’র দুই সদস্য খুন

রোহিঙ্গা শিবিরে আরসা, আরএসও’র দুই সদস্য খুন

মোহাম্মদ খোরশেদ হেলালী : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও’র দুই সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ও বুধবার (৪ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে।
ক্যাম্প সূত্রে জানা গেছে , মঙ্গলবার রাতে ক্যাম্প-৮  এলাকায় সন্ত্রাসী গ্রুপ আরএসও ও আরসার মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আরএসও’র ছোঁড়া গুলিতে আরসা গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ওরফে ইউসুফ গুলিবিদ্ধ হয়। পরে তাকে জবাই করে হত্যা করা হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করেন এপিবিএন-১৪ এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল। জানান তিনি , আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে  চাকমাইয়া ইউসুফ নামে একজন নিহত হন। সে ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।
এদিকে ওই ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে  ৬টায় ক্যাম্প-১৫ এলাকার ডি/৪ ও ডি/১৩ ব্লকে আরসা ও আরএসও গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় আরসা সন্ত্রাসীরা জোরপূর্বক মো. আরাফাত হোসেন নামক এক রোহিঙ্গাকে তুলে নিয়ে ডি/৪ ব্লকের রাস্তায় জবাই করে হত্যা করে পালিয়ে যায়। আরাফাত ওই ক্যাম্পের ডি/১৩ ব্লকের ইমান হোসেনের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর।
তিনি বলেন, খবর পেয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে পৃথক ঘটনায় দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর হয়েছে বলে জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!