হোম » অপরাধ-দুর্নীতি » জামালপুরে অপহরণের নয় ঘন্টার পর অপহৃত নারীকে উদ্ধার

জামালপুরে অপহরণের নয় ঘন্টার পর অপহৃত নারীকে উদ্ধার

রবিউল হাসান লায়ন , জামালপুর: জামালপুরে অপহরণের নয় ঘন্টার মধ্যে  অপহৃত নারী বণ্যা খাতুন (২৬) কে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা হতে ওই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বণ্যা খাতুন নান্দিনা বড় মসজিদ এলাকার বাসিন্দা চাঁন মিয়ার মেয়ে।

অভিযোগ সুত্রে জানা যায়,  বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকা হতে  সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের ছোট ডৌয়াতলা গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে  মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৫) ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাব জোরপূর্বক বন্যা খাতুন কে একটি সাদা হাইয়েস মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। যার সিসি টিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগীর পিতার অভিযোগের ভিত্তিতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নাজমুস সাকিব প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে এসআই মো. মুস্তাফিজুর রহমান, এএসআই মো. আল নোমান, কনস্টেবল কবির হোসেন, আবুল হোসেন, নারী কনস্টেবল ঝুমা রানীসহ বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ অংশ নেন। অভিযানের এক পর্যায়ে অপহরণের নয় ঘণ্টার মধ্যে ওই দিন সন্ধ্যায় জামালপুর জেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা হতে অপহৃত ওই নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রথম অবস্থায় ভিকটিমকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনার সাথে যে বা যারাই জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। সদর থানার ওসি নাজমুস সাকিব এবং তার টিম যে দক্ষতা ও দ্রুততায় ভিকটিমকে উদ্ধার করেছেন, তা আমাদের পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জামালপুর জেলা পুলিশের এই ধারা অব্যাহত থাকবে।

#S

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!