
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে প্রথম আলোর প্রতিনিধি শফিকুল ইসলামকে দেখে নেওয়ার হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি)
করা হয়েছে।
গত সোমবার গভীর রাতে সরিষাবাড়ী থানায় এ জিডি করা হয়। জিডি নং ১৩৬৮। সোমবার রাতে তথ্য সংগ্রহের জন্য বাসটার্মিনাল এলাকায় গেলে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র
প্রার্থী মুরাদ হাসানের নির্বাচনী সমন্বয়কারী ও ব্যক্তিগত সহকারী সাখায়াত আলম মুকুল সাংবাদিকের মোটরসাইকেল পথরোধ করে এ হুমকী দেয়া হয় বলে জানাগেছে।
জিডিতে উল্লেখ করা হয়, প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম সোমবার রাত সাড়ে নয়টার দিকে পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহের জন্য মোটরসাইকেল যোগে সরিষাবাড়ী থানার দিকে যাচ্ছিলেন।
থানা মোড়ে সাক্ষাৎ হয় জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের ঈগল প্রতিকের নির্বাচনী সমন্বয়কারী ও ব্যক্তিগত সহকারী সাখায়াত আলম মুকুলের সঙ্গে। এক পর্যায়ে মুকুল নির্বাচন শেষে দেখে নেওয়ার হুমকি দেন শফিকুলকে।
এ ঘটনায় ওই রাতেই শফিকুল ইসলাম সরিষাবাড়ী থানায় জিডি করেন। মুকুল সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলে জানাগেছে। শফিকুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী ‘সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী আমাকে নির্বাচনের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতা ও
আতঙ্কের মাঝে আছি।’
অভিযুক্ত সাখায়াত আলম বলেন, ‘হুমকি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি হলো, ওই রাতে নৌকা মার্কার লোকজন আমাদের একটি প্রচার কেন্দ্র ভাঙচুর করেন। খবর পেয়ে আমাদের লোকজনও সেখানে উপস্থিত হন। তখন উভয় পক্ষের একটা মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। এ সময় ওই সাংবাদিক আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে নৌকা মার্কার লোকজনকে বিভিন্ন তথ্য দিচ্ছিলেন। সেই সময় আমি তাঁকে বলছি, ভাই আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। আপনি এখান থেকে চলে যান।’
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান বলেন, জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক