
রবিউল হাসান লায়ন: জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিস্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৫ আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ তৃতীয়বার তাদের জামিন আবেদন নামঞ্জুর করলেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো. ইউসুফ আলী জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল, রেজাউল করিম, জাকিরুল ও মনিরুজ্জামান মনির জামিনের আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সকলের জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরো অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা