
রায়হান আলীঃ রোববার রাতে শত্রু পক্ষের লোক খোঁজার নামে উল্লাপাড়ার মহড়া গ্রামে ভাই ভাই কফি হাউজে এক দল যুবক হামলা ও ভাংচুর চালায়। এতে এই হাউজের মালিক শাহিন রেজা, তার স্ত্রী মুক্তা খাতুন ও চাচাতো ভাই ফারুক ও দোকান কর্মীসহ মোট ৯ জন আহত হয়। হামলাকারীরা কফি হাউজের মূল গেট ভেঙ্গে আসবাপত্র ভাংচুর করে এবং প্রায় ৪ লাখ নগদ টাকা নিয়ে চলে যায়। এসময় একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক রায়হান আলীর একটি মোটর সাইকেল ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন শাহিন রেজা।
ভাই ভাই কফি হাউজের মালিক শাহিন রেজা সোমবার উল্লাপাড়া মডেল থানায় দেওয়া অভিযোগ পত্রে বলেছেন, স্থানীয় বাসিন্দা প্রভাবশালী নুরু মিয়া, আব্দুর রাজ্জাক, হুমায়ন, রুবেল মিয়া, জুবায়ের হোসেন, মিঠুন, শাহিন, মোহাম্মদ রাফি, মোসলেম উদ্দিনসহ প্রায় ৩০/৩৫ জন যুবক আকস্মিকভাবে লাঠি সোটা লোহার রড়, রাম দা নিয়ে তার ভাই ভাই কফি হাউজে প্রবেশের চেষ্টা করে। এসময় শাহিন তাদেরকে কফি হাউজে প্রবেশের কারণ জিজ্ঞাসা করলে উল্লিখিত ব্যক্তিরা জানান তাদের শত্রæ পক্ষের লোকজন ওই কফি হাউজে অবস্থান করছে।
শাহিন ও তার কর্মচারীরা আক্রমনকারীদের বাধা দেবার চেষ্টা করলে ক্ষুব্ধ যুবকেরা শাহিন রেজা, তার স্বজন ও কফি হাউজের কর্মীদেরকে বেধড়ক পিটিয়ে গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ফ্রিজ ও আসবাপত্র ভাংচুর করে। যুবকেরা কফি হাউজের পাশে শাহিনের কক্ষে গিয়ে তার স্ত্রীকে পিটিয়ে বিছানার নিচে রাখা ৩ লাখ টাকা এবং দোকানের ক্যাশে থাকা আরও ১ লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকা নিয়ে চলে যায়। যাবার সময় তারা শাহিনকে ভয় ভীতি প্রদর্শন করে। শাহিন হামলাকারীদের নামে ও বেনামে ৩৫ জনকে আসামী করে অভিযোগ দিয়েছেন।
একাত্তর টেলিভিশনের উল্লাপাড়া সংবাদ সংগ্রাহক রায়হান আলী অভিযোগ করেন, তিনি তার সুজুকী মোটর সাইকল কফি হাউজের বাহিরে রেখে কফি খাবার জন্য ঢুকে ছিলেন। আক্রমনকারীরা তার মোটর সাইকেলটি ভাংচুর করে অন্ততঃ ৫০ হাজার টাকার ক্ষতি করেছে।
এব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তিনি শাহিন রেজার অভিযোগপত্র পেয়েছেন। ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই