
রায়হান আলী: পাবনা-ঢাকা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজের কাছে ছিনতাইকারীরা গুলি করে তারিকুল ইসলাম মোবারক (৩২) নামের এক বিকাশ এজেন্টের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনায় গুলিতে গুরুতর আহত মোবারককে সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মোবারকক উল্লাপাড়া উপজেলার ভেন্যাবাড়ি গ্রামের বাসিন্দা।
মোবারকের ছোট ভাই মুন্না ইসলাম জানান, তার ভাই উল্লাপাড়ার বিভিন্ন ফ্লেক্সিলোডের দোকান থেকে টাকা তুলে একটি ব্যাগে করে বাড়ি ফিরছিলেন। চৌকিদহ ব্রিজের কাছে পৌঁছলে ৫ জন ছিনতাইকারী ২টি মোটরসাইকেল নিয়ে মোবারকের গতিরোধ করে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। মোবারক এ সময় এক জন ছিনতাইকারীকে জাপটে ধরলে অপর ছিনতারীরা তার পায়ে গুলি করে ওই ছিনতাইকারীকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম তার ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। নজরুল ইসলাম জানান, আহত মোবারককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল ইসলাম জানান, আহত মোবারকের পায়ে অপারেশনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক