
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল আলম খান। তার গ্রামের বাড়ি বাসাইল উপজেলার হাবলা দক্ষিণপাড়া।
গত সোমবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোছা. রোখছানা বেগমের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর পর্যন্ত স্থায়ী হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা প্রাপ্য হবেন এবং নিয়মানুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য ধরনের সব সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক কামরুল আলম খান পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদনের বিস্ময়কর পদ্ধতির আবিষ্কারক। পাথরকুচি পাতার রস থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে তিনি বৈদ্যুতিক বাতি, টেবিল ফ্যান, এনার্জি বাল্ব, কম্পিউটার, সাদাকালো টেলিভিশনসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালিয়ে সফল হয়েছেন। এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা