হোম » সারাদেশ » পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পর জানতে পারলো সিলেবাসের সাথে মিল নেই প্রশ্নের

পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পর জানতে পারলো সিলেবাসের সাথে মিল নেই প্রশ্নের

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রথম বর্ষের চূড়ান্ত পর্বের বাংলা ১ম পত্রের নতুন ও পুরাতন সিলেবাসের পরীক্ষা স্থগিত ঘোষনা করেছে। রোববার বেলা ২ টায় বিজ্ঞান কলেজ কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের বোর্ড প্রথম বর্ষের চূড়ান্ত পর্বের বাংলা ১ম পত্রের নতুন ও পুরাতন সিলেবাসে পরীক্ষা শুরু হয়। বেলা ৩ টার পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ কেন্দ্র সচিবের কাছে অনিবার্য কারনে চলমান পরীক্ষা স্থগিতকরনের একটি নির্দেশনা দেওয়া হয়। কারিগরি শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী বেলা ৩ টার সময় পরীক্ষা স্থগিত করলে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হৈচৈ শুরু হয়ে যায়। পরে কেন্দ্র সচিব শিক্ষার্থীদের স্থগিত পরীক্ষা পরবর্তী নেওয়ার কথা বলে আশ্বস্ত করেন।

এ বিষয়ে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ আশরাফুল ইসলাম জানান, বেলা ২ টায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে বাংলা ১ম পত্রের নতুন ও পুরাতান সিলেবাসের প্রশ্নপত্র তুলে দেবার পর পরীক্ষার্থীরা কক্ষে হৈ চৈ শুরু করে। তাদের অভিযোগ, কলেজে কারিগরি শিক্ষাবোর্ডের দেওয়া সিলেবাসের সঙ্গে প্রশ্নপত্রের কোন মিল নেই। সে কারনে কোন ভাবেই তাদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এরপর এ বিষয়ে দ্রুত কারিগরি শিক্ষাবোর্ডকে অবহিত করা হয়। অবশেষে বেলা ৩টার দিকে শিক্ষা বোর্ড থেকে কেন্দ্রগুলোতে পাঠানো ক্ষুদে বার্তায় বাংলা ১ম পত্রের উভয় সিলেবাসের পরীক্ষা অনিবার্য কারনে স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা খাতাপত্র জমা দিয়ে কক্ষ ত্যাগ করেন। তার কেন্দ্রে এ বছর ৩৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।

এ বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রন শাখায় যোগাযোগ করলে নাম ও পদবি প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, প্রকৃতপক্ষে সিলেবাসের সঙ্গে চলমান পরীক্ষার বাংলা ১ম পত্রের কোন মিল না থাকায় শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিত করেছে।

এ ব্যাপারে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি পরীক্ষা শুরুর অনেক পরে পরীক্ষা স্থগিতের কথা স্বীকার করে বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রশ্ন পত্র নিয়ে নানা অভিযোগ পাওয়ার পর পরীক্ষা স্থগিতের ঘোষনা দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে চেয়ারম্যান বাংলা ১ম পত্রের প্রশ্নপত্র মুদ্রণের ত্রুটির কারনে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!