হোম » সারাদেশ » খুলনায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

খুলনায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি: খুলনায় বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে এক স্কুলছাত্রী (১৬) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় নগরীর খালিশপুর এলাকার মদিনাবাগ আবাসিক এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার মো: জয়নাল আবেদীনের ছেলে মো: মেজবাহ উদ্দীন, একই এলাকার মো: সুজন মোল্লার ছেলে মো: ইমন মোল্লা ও পাবলা বৈরাগীপাড়া এলাকার মো: মাহারাজ চৌকিদারের ছেলে মো: শিমুল চৌকিদার।
খালিশপুর থানার পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে তার বন্ধু মারুফের সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় বন্ধু মেজবাহ মারুফকে ফোন দিয়ে বলে, ‘দোস্ত ভাবিকে নিয়ে ঘুরতে আয়। তখন মারুফ ভিকটিমকে নিয়ে পাবলা সবুজ সংঘ মাঠের দিকে যায়। এরপর মো. মেজবাহ উদ্দীন, মো. ইমন মোল্যা ও শিমুল চৌকিদার ওই ছাত্রী ও মারুফকে ইজিবাইকে করে খালিশপুর থানার মদিনাবাগ এলাকায় নিয়ে যায়। সেখানে মারুফকে আটকে রেখে প্রথমে মেজবাহ উদ্দীন, পরে ইমন মোল্যা ও শিমুল চৌকিদার পালাক্রমে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ করেন ওই স্কুলছাত্রী। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওইদিন রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তিনজনই ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!