হোম » সারাদেশ » নারায়নগঞ্জে বিদেশী অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নারায়নগঞ্জে বিদেশী অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদেশী অস্ত্রসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব -১১। শুক্রবার (২৬ আগস্ট)  দুপুরে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শুক্রবার রাতে সোনারগাঁওয়ের পূর্ব ভবনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ছোরা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, দু’টি তালা ভাঙ্গার কাটার ও শাবল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সাখাওয়াত হোসেন রনি (২৫), মোহ্ম্মদ সোহেল (৩২), মোহাম্মদ শহিদুল ইসলাম (২৬), আল আমিন (২৩), মোহাম্মদ ইসমাইল (৩৮) ও সুজয় দে (৩০)। র‌্যাব জানায়, ডাকাত চক্রটি গত ৬ এপ্রিল ও ২৪ এপ্রিল আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল। আটককৃত ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি ও সোনারগাঁও থানায় একটি অস্ত্রসহ ডাকাতি মামলা রয়েছে। মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি, সোনারগাঁও থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও একটি মাদক মামলা, মোহাম্মদ শহিদুল ইসলামের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অস্ত্রসহ ডাকাতি, দু’টি ধর্ষণ ও বিভিন্ন থানায় চারটি অস্ত্রসহ ডাকাতি মামলা, সুজয় দে-র বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি চুরি ও মকছেদপুর থানায় একটি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ডাকাত দলের সর্দার সাখাওয়াত হোসেন রনি নিজেকে কাঁচপুর এলাকায় ‘বন্ধু ড্যান্স একাডেমি’ নামের একটি ড্যান্স গ্রুপের গ্র্যান্ড মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তিনি বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন বা অন্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ি টার্গেট করে ওই বাড়ির লোকজনের সাথে সখ্যতা গড়ে তোলেন। পরে তিনি তার টার্গেট করা বাড়িগুলোতে পরিকল্পনা করে ডাকাতি পরিচালনা করেন। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!