হোম » সারাদেশ » অবশেষে ফুটবলার আঁখি পেল প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি দেয়া জমি

অবশেষে ফুটবলার আঁখি পেল প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি দেয়া জমি

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও গোল্ডেন বুট বিজয়ী আঁখি খাতুনকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আট শতক জমি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে শনিবার দুপুরে দলিল হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও প্রধানমন্ত্রীর পক্ষে আঁখির পরিবারের কাছে দলিল হস্তান্তর করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এসময় প্রধান অতিথি কবির বিন আনোয়ার বলেন, জাতীয় দলে আঁখির অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে জমি দেয়া হয়েছিল।
সেটা বছর তিনেক আগের কথা। তখন যে জায়গা দেয়া হয়েছিল তা নিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হওয়ায় আঁখি বিষয়টি বাফুফে, বাফুফের সভাপতি ও বিভিন্ন মন্ত্রণালয়ে জানায়। তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমরা আঁখির পরিবারের জন্য উপযুক্ত জমি পেতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। আজকে আঁখির বাবার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ফারুক আহম্মেদ বলেন, ‘এই মুহূর্তে জমিটি জলাশয়ের মধ্যে আছে। জায়গাটিকে আঁখি ও তার পরিবারের ব্যবহারের জন্য উপযোগী করে দেয়া হবে এবং এর জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার জেলা প্রশাসক হিসেবে সেই উদ্যোগ নিয়েছি। আঁখির পরিবার যেন আর্থিক ব্যয় ছাড়াই ব্যবহার উপযোগী হিসেবে জায়গাটি পায়, সেই লক্ষ্যে কাজ করছি। দলিল হস্তান্তর অনুষ্ঠানের তিন দিন আগে আঁখি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে গিয়ে দলিলের কাজ শেষ করেন।
জায়গার কাগজ বুঝে পেয়ে আঁখির বাবা আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমার মেয়েকে যে উপহার দিয়েছেন, এটা দেখে আরও অনেক খেলোয়াড় অনুপ্রাণিত হবেন। আমরা সবাই প্রাণভরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, শাহজাদপুর সহকারী কমিশনার ভূমি লিয়াকত শিকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুনাম প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!