
এম,এ রাশেদঃ বগুড়ায় ফরহাদ (২৫) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকায় অবস্থিত রেশম সম্প্রসারণ কার্যালয়ের তুত বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, ফরহাদ নেশাগ্রস্ত ছিলেন। নেশার ঘোরে তিনি আত্মহত্যা করেছেন।
ফরহাদ পার্শ্ববতী গণ্ডগ্রামের রফিকুল ইসলাম বাবুর ছেলে। তিনি আগে ট্রাকের হেলপার ছিলেন। গত চার মাস ধরে বেকার অবস্থায় রয়েছেন। ফরহাদের ছোট ভাই ফয়সাল (২২) বলছেন তার বড় ভাই গাড়িতে হেলপার হিসেবে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি নেশায় আসক্ত। ফরহাদ নিয়মিত বাড়িতেও থাকতেন না। গত চারদিন আগে কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বের হন। এর মধ্যে আর আসেননি বলে জানান মৃতের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ মাঝেমধ্যে তুতবাগানের ফাঁকা এলাকায় এসে থাকতেন। নেশাও করতেন এখানে।এ জন্য তাকে তাড়িয়েও দেয়া হয়েছিল। রোববার সকাল ৮টার দিকে লোকজন বাগানের কাজ করতে এসে পরিত্যক্ত পলু (রেশম গুটি) ঘরের ছাদে লাশ ঝুলতে দেখেন। পরে অফিসে খবর দিলে অফিস কর্মচারি মো. ইনছান পুলিশে খবর দেন। তার মাধ্যমে খবর পেয়ে শাজাহানপুর থানার অন্তর্গত কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত হন।
এ সময় ঘটনাস্থলে আসা উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, পরিত্যক্ত পলু ঘরের পাশে পাইকড় গাছ রয়েছে। ওই গাছের একটি ডালে মশারির কাপড় গলায় ফাঁস দেয়া অবস্থায় ফরহাদের লাশ পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি পলু ঘরের ছাদ দিয়ে নামানো হয়। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরহাদ নেশা করত এমন অনেক আলামত এখানে পাওয়া গেছে।
কৈগাড়ি ফাঁড়ির পরিদর্শক সৈকত বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক জানা যাবে। এ জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল